প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং

25 May, 2025

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের উদ্যোগে ফাইনাল ইয়ারের একদল শিক্ষার্থী তাদের শিক্ষকদের নেতৃত্বে খ্যাতনামা এডুকেশন সফটওয়্যার কোম্পানি পিপিলিকা সফ্‌ট পরিদর্শন করেন।

সোমবার (২৪ মে) তারা কোম্পানিটি পরিদর্শন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার কর্মপরিবেশ সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন এবং প্রযুক্তির বাজারে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কেও অবহিত হয়েছেন। এছাড়াও গ্র্যাজুয়েশনের পূর্ব পর্যন্ত নিজেদের কীভাবে মার্কেট-রেডি হিসেবে গড়ে তুলবেন সে বিষয়ে চমৎকার গাইডলাইন পেয়েছেন।

শিক্ষার্থীদের সাথে পরিদর্শনে ছিলেন সিএসই বিভাগের হেড প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। এছাড়াও ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এবং কো-অর্ডিনেটর মোহাম্মদ মিনহাজুল আলম। পিপিলিকা সফ্‌ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে পরিদর্শনটি শুরু হয়। এরপর একের পর এক ইন্টারঅ্যাকটিভ ও তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়, যেগুলো পরিচালনা করেন পিপিলিকা সফ্‌টের সিইও ইঞ্জিনিয়ার হুমায়ন কবির পাভেল ও তার অভিজ্ঞ সহকর্মীরা।

সেশনগুলোর মাধ্যমে সিএসই বিভাগের শিক্ষার্থীরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ, যোগদানের চ্যালেঞ্জ এবং প্রিপারেশনের স্ট্র্যাটেজিগুলো জানতে পারেন। উপস্থিত শিক্ষার্থীদের পার্সোনাল ইন্টারেস্ট অনুযায়ী তাদের ক্যারিয়ার কাউন্সেলিং করা হয়। এছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটরা কীভাবে এফেক্টিভ সিভি তৈরি করবেন, সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।

এই ইন্ডাস্ট্রি-ভিজিট শিক্ষার্থীদের বাস্তব বিশ্বের চ্যালেঞ্জ এবং সেগুলোর মোকাবিলায় একটি প্রাকটিক্যাল ধারণা প্রদান করেছে। আলোচনা শেষে পিপিলিকা সফ্‌ট কর্তৃপক্ষ আগামীতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাটিং-এজ টেকনোলজির উপরে ওয়ার্কশপ এবং ট্রেনিং সেশন আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের হেড এবং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) ডিরেক্টর প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম পিপিলিকা সফ্‌ট কর্তৃপক্ষকে তাদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলোর মতো বাংলাদেশেও ইন্ডাস্ট্রি এবং একাডেমির সম্পর্ক যত গভীর ও শক্তিশালী হবে ততই উভয়পক্ষ উপকৃত হবেন।

উল্লেখ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট অত্যন্ত সুনামের সাথে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রদান করে যাচ্ছে। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো উন্নতমানের এবং অত্যাধুনিক ল্যাব সেটাপ করা হয়েছে। এই মুহূর্তে সাত শতাধিক শিক্ষার্থী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে লেখাপড়া করছেন। গত এক বছরে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং অনুষদের তিন শতাধিক শিক্ষার্থীর চাকরি ও ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে।

Share: